ফরহাদ হোসেন রাজ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে ৬২ বছর বয়সী এক নারীর বসতবাড়িতে হামলা, স্টিলের গেট ভাঙচুর, হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. রাবিয়া নামে ওই নারী কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ৫ নম্বর যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তার নির্দেশে হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগকারীর দাবি।

citytouch 728-X-90

রাবিয়া মনিপুর এলাকার মৃত আব্দুল গনির স্ত্রী। লিখিত অভিযোগে তিনি জানান, গত ১৭ মে বিকেল ৪টার দিকে মো. আলী ইখতিয়ার খানসহ ৮-৯ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়ির সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা গালিগালাজ করে বসতঘরের স্টিলের গেট কুপিয়ে ও ভাঙচুর করেন। ভয়ে রাবিয়া ঘরের দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীর দাবি, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। দাবিকৃত টাকা না দিলে বাড়ির মালামাল লুট এবং বসতবাড়ি দখলেরও হুমকি দেওয়া হয়।

পরে রাবিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুইয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে মো. আলমগীর হোসেনসহ অন্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে হামলা, ভাঙচুর, চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।