চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে ছবি তুলতে গিয়ে আলোচনায় এসেছেন নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানের শেষ দিকে দীঘি মন্ত্রীর সঙ্গে ছবি তুলতে গেলে তিনি তাড়া আছে জানিয়ে সেখান থেকে চলে যান বলে ভিডিওতে দেখা গেছে।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে এবার নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে জয় দাবি করেন, দীঘি ছবি তুলতে গেলে তথ্যমন্ত্রী হাসিমুখে অন্য কাজের কথা বলে দ্রুত সরে যান। এতে দীঘির মধ্যে কিছুটা বিব্রত হওয়ার ভাব তিনি লক্ষ্য করেছেন বলেও উল্লেখ করেন। তবে দীঘি কেন ছবি তুলতে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই জানিয়ে জয় সম্ভাব্য কারণ হিসেবে ফ্যাশন ডিজাইনার গৌতমের কথা উল্লেখ করেন।
জয় আরও বলেন, ভিডিও দেখে তার মনে হয়েছে—অনেক মানুষ দীঘির সঙ্গে ছবি তুলতে আগ্রহী হলেও মন্ত্রীর মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। তবে এটি তার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং ভুলও হতে পারে বলেও স্পষ্ট করেছেন তিনি।
নিজের স্ট্যাটাসে জয় শিল্পীদের উদ্দেশে বলেন, কাজের বাইরে অপ্রয়োজনে মন্ত্রীদের সঙ্গে ছবি তোলার সময় ‘শেষ’ হয়ে গেছে। তার মতে, শিল্পীদের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেদের কাজ ও প্রতিভার বিকাশ। একই সঙ্গে চলচ্চিত্র দিবসে মন্ত্রীদের উপস্থিতিকে চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা হিসেবেও উল্লেখ করেন তিনি।










