ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকেই নজর কেড়েছিলেন জেজে গ্যাব্রিয়েল। এফএ ইউথ কাপের চতুর্থ রাউন্ডে পিটারবরো ইউনাইটেডের বিপক্ষে তাঁর একমাত্র গোলেই জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে তাঁর পারফরম্যান্সের পর থেকেই তাঁকে নিয়ে বাড়তে থাকে আলোচনা।

তবে সেই প্রতিভাবান কিশোরকে এবার হারানোর শঙ্কায় ইউনাইটেড। মাত্র ১৫ বছর বয়সেই ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন গ্যাব্রিয়েল। জানা গেছে, তিনি ‘ডি-রেজিস্ট্রেশন’ চিঠি জমা দিয়েছেন। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমি ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর সামনে।

গত বছরের গ্রীষ্মেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী তখন ক্লাব ছাড়ার সুযোগ ছিল গ্যাব্রিয়েলের। তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব, যার মধ্যে ছিল ম্যানচেস্টার সিটিও।

citytouch 728-X-90

সে সময় গ্যাব্রিয়েলকে ধরে রাখতে উদ্যোগী হয় ইউনাইটেড। ক্লাবটির ডিরেক্টর অব ফুটবল জেসন উইলকক্স তাঁর পরিবারের সঙ্গে জরুরি বৈঠক করে পরিস্থিতি সামাল দেন।

গ্যাব্রিয়েলের বাবা জো ও'ক্যারলও ছিলেন পেশাদার ফুটবলার। আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইউনাইটেডের পক্ষ থেকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়েছিল এবং ওল্ড ট্র্যাফোর্ডের ডিরেক্টরস বক্সে বিশেষ অতিথি হিসেবেও আমন্ত্রণ জানানো হয়।

এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, গ্যাব্রিয়েলকে দলে নিতে বেশ কয়েক মাস ধরেই গোপনে কাজ করছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার আগ্রহ থাকলেও এই দৌড়ে রিয়ালই এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিয়ালের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে গ্যাব্রিয়েলকে কাস্তিয়া ও উয়েফা যুব লিগে খেলানোর কথা ভাবা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে তাঁকে ভবিষ্যৎ মূল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখছে স্প্যানিশ ক্লাবটি।

গ্যাব্রিয়েল অবশ্য নতুন নন আলোচনায়। মাত্র নয় বছর বয়সে তাঁর একটি ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে ‘কিড মেসি’ নামে ডাকা শুরু হয়। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তাঁর খেলার ধরন তুলনা করে তখন থেকেই আলোচনায় আসেন এই ইংলিশ ফরোয়ার্ড।

এখন সেই কিশোর প্রতিভার পরবর্তী ঠিকানা কোথায় হয়, সেটিই দেখার বিষয়। ইউনাইটেড তাঁকে ধরে রাখতে পারে, নাকি ইউরোপের কোনো জায়ান্টের অ্যাকাডেমিতে শুরু হবে তাঁর নতুন অধ্যায়, সেই উত্তর মিলবে সামনের দিনগুলোতেই।