অভিনয়ের জগতে পরিচিত মুখ তমা মির্জা এবার যুক্ত হয়েছেন ব্যাংকিং পেশায়ও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন পেশায় যোগ দিলেও অভিনয় ছাড়ছেন না তমা। বরং অভিনয়কেই নিজের প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত কাজ করার কথা জানিয়েছেন তিনি।
তমার ভাষ্য, ব্যাংক কর্তৃপক্ষ তার অভিনয় পেশার বিষয়ে ইতিবাচক। ফলে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা দেখছেন না তিনি।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি পান তমা মির্জা। তবে বড় পর্দায় নিয়মিত কাজ না করে নিজের পছন্দ অনুযায়ী বছরে এক থেকে দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ওটিটিতেও প্রশংসিত হয়েছেন তমা। ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’-এর মতো কনটেন্টে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
নতুন পেশায় যুক্ত হওয়ার অভিজ্ঞতাকে জীবনের ভিন্ন একটি অধ্যায় হিসেবে দেখছেন এই অভিনেত্রী। অভিনয়ের বাইরেও নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগটি উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তমা মির্জা। ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে।










