ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার অনাগত সন্তানও মারা গেছে।
নূর জাহান কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবার জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) নূর জাহানের সামান্য জ্বর আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় এবং পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন বলেন, আগামী মাসেই তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পাশাপাশি অনাগত সন্তানকেও হারিয়েছেন তিনি।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত ভদ্র ও সৃজনশীল শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন। তার মৃত্যুতে পুরো বিভাগ শোকাহত।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূইয়া নূর জাহানের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।









