নেত্রকোণা প্রতিনিধিঃ হৃদয় রায় সজীব 


সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেছেন, যৌক্তিক সমালোচনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, তবে কোনো কর্মকাণ্ড রাষ্ট্র বা সমাজের ক্ষতির কারণ হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে।

citytouch 728-X-90


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ডিআইজি বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দল সংসদের ভেতরে বা বাইরে সরকারের সমালোচনা করবে, ভুলত্রুটি ধরিয়ে দেবে এবং সরকার কীভাবে সঠিকভাবে পরিচালিত হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেবে এর মধ্যে খারাপ কিছু দেখি না। তিনি বলেন, শুধু সরকারের সমালোচনা করার কারণে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে কোনো কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে যায়, সামগ্রিকভাবে রাষ্ট্রের ক্ষতি করে কিংবা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।


সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে বলেন, এ ধরনের বিষয় নজরদারিতে পুলিশের আইসিটি টিম কাজ করছে। কোনো তথ্য বা প্রচার অপপ্রচার কি না, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি আসল নাকি ভুয়া এবং ভুয়া হলে সেটি কার মাধ্যমে ও কোথা থেকে পরিচালিত হচ্ছে এসব তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হয়। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


কিশোর-কিশোরী ও তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ডিআইজি বলেন, তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করার ধারাবাহিকতা থাকবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আধুনিক সময়ে অপরাধের ধরন পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন, নগরায়ণ, তথ্যপ্রযুক্তির বিস্তার ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন ধরনের অপরাধও দেখা দিচ্ছে। এর মধ্যে কিশোর অপরাধসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন অপরাধ রয়েছে।


 পরিস্থিতি অনুযায়ী এসব অপরাধ মোকাবিলায় পুলিশের কর্মকাণ্ডও পরিবর্তিত হচ্ছে।


এর আগে সকালে পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ -এর উদ্বোধন করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।


নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, নেত্রকোণা পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ১০টি থানার ১০টি করে বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। মোট ২০টি দলকে ‘ক’ ও ‘খ’দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।


আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। রোববার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।