আবু বক্কর, সিদ্দিক কক্সবাজার: |
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার, পেঁয়াজ ও রসুনসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক পাচারকারীদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গভীর সমুদ্রে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।
পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা (১২,০০০ কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩,৮০০ কেজি) রসুন এবং ৯০ বস্তা (৪,৫০০ কেজি) পেঁয়াজসহ বোটটি জব্দ করা হয়। এ সময় বোটটিতে থাকা ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে সমুদ্রে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









