সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও অফিসিয়াল-সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা পরিপত্রে সরকারি ও ব্যক্তিগত সফরের জন্য পাসপোর্ট পাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও পাসপোর্টসংক্রান্ত সাম্প্রতিক আদেশ ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীসহ জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, নির্বাচন কমিশন, দুদক, সিএজি, বিপিএসসি ও বাংলাদেশ ব্যাংকের কর্মীরা সরকারি কাজে বিদেশ গেলে জিওর ভিত্তিতে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট পাবেন।
৯ম ও তদূর্ধ্ব গ্রেডের স্থায়ী কর্মকর্তারা ব্যক্তিগত সফরে যেতে চাইলে জিও অথবা অনাপত্তি সনদের (এনওসি) ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে অফিসিয়াল পাসপোর্ট নিতে পারবেন।
অন্যদিকে, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং বিশেষ আইন বা অধ্যাদেশে গঠিত কমিশনের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা সরকারি কাজে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট পেলেও ব্যক্তিগত সফরে সাধারণ পাসপোর্ট নিতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা সরকারি কাজে বিনা ফিতে এবং ব্যক্তিগত কাজে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট পাবেন। সরকারি সফরে যুক্ত বেসরকারি ব্যক্তিরাও জিওর ভিত্তিতে সাধারণ পাসপোর্টের জরুরি সেবা পাওয়ার সুযোগ পাবেন।
অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ
নতুন নির্দেশনায় অফিসিয়াল পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়ার সময়ের সঙ্গে পাসপোর্টের মেয়াদ সমন্বয়ের বিধান রাখা হয়েছে।
পিআরএল চলাকালে কর্মকর্তা চাইলে অফিসিয়াল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে পারবেন। তবে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের প্রাধিকার বহাল থাকলে অফিসিয়াল পাসপোর্ট ব্যবহারের বিধান রয়েছে; সাধারণ পাসপোর্ট নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি প্রয়োজন হবে।
বিদেশে কর্মরতদের জন্যও নিয়ম
বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত নন-ডিপ্লোমেটিক কর্মকর্তা-কর্মচারীদের স্বামী বা স্ত্রী এবং ২৫ বছর বা কম বয়সী সন্তানদের পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট বিনা ফিতে দেওয়ার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া ডিপ্লোমেটিক পদমর্যাদার কর্মকর্তাদের অনুমোদিত ‘ডোমেস্টিক এইড’-দের নির্ধারিত ফি দিয়ে পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে। মিশনে কর্মকাল শেষ হলে এসব পাসপোর্ট জমা দিতে হবে।
জিও-এনওসি যাচাইয়ে ফোকাল পয়েন্ট
জিও ও এনওসির সঠিকতা যাচাই এবং জালিয়াতি রোধে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে একজন ফোকাল পয়েন্ট এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে বলা হয়েছে।
তাদের পদবি, ফোন নম্বর ও ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে ইস্যু করা জিও ও এনওসি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।










