গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ও অবসরকালীন আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
অবসরকালীন সুবিধাও বাড়ল
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এ সুবিধা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এসব সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তায় গ্রাম পুলিশের ভূমিকার ওপর গুরুত্ব
মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ড বা পরিস্থিতির অবনতির আশঙ্কা সম্পর্কে গ্রাম পুলিশ সদস্যরা আগেভাগে তথ্য পেতে পারেন। এসব তথ্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।
তিনি বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবেশ তৈরির কারণে সমাজে বিরোধ-বিবাদ বেড়েছিল বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের পরিস্থিতির উন্নয়নে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।









