গ্রামপুলিশকে তৃণমূল পর্যায়ের সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে সাধারণ মানুষকে সেবা দেওয়া আরও সহজ হবে।
বরিশালের গৌরনদী উপজেলায় ৬৪ জন গ্রামপুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক এবং তাদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রামপুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দিতে সরকার প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পোশাক, জুতা ও বাইসাইকেল দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গ্রামপুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। এ সময় গ্রামপুলিশের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া একই দিন উপজেলা অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জহির উদ্দিন স্বপন। পরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় সরকারি গৌরনদী কলেজ ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।









