দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। চলতি নভেম্বরে তিন দফায় প্রতি ভরিতে মোট ১২ হাজার ৮০ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
সর্বশেষ প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
এর আগে সর্বশেষ দুই দফায় প্রতি ভরিতে যথাক্রমে ৩ হাজার ৩২৪ টাকা ও ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে এক দফায় প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো, ৬৭ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, গত বছর মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।









