দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১৬৭ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২১৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে।