বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (১ নভেম্বর) সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে পাঠানো চিঠিতে আগামী ৩ নভেম্বরের মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকায় ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে মামলার সর্বশেষ অবস্থা ও হালনাগাদ তথ্য হার্ডকপি ও সফটকপি—দুই মাধ্যমেই পাঠাতে বলা হয়েছে।

বিভিন্ন ইউনিটে চিঠি

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহর স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ২৯ অক্টোবর পুলিশ সদরদপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

তালিকায় যেসব কর্মকর্তা

তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তাঁরা পুলিশ সদরদপ্তর, ডিএমপি, সিআইডি, পিবিআই, এপিবিএন, বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত।

নথিতে একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং অন্য একজনকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে কর্মরত হিসেবে উল্লেখ করা হয়েছে।