বগুড়ার ধুনটে স্বামীর বিরুদ্ধে ১১ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়া এবং গোপনে দ্বিতীয় বিয়ের অভিযোগ; দেশে ফিরে স্বামীর বাড়িতে গিয়ে হুমকির মুখে পড়ার দাবি স্ত্রীর
বগুড়া: বগুড়ার ধুনটে প্রবাসী স্ত্রীর কষ্টার্জিত লাখ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে আকুল রাজ (৩০) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। দেশে ফিরে স্বামীর বাড়িতে আশ্রয় চাইতে গিয়ে উল্টো অস্বীকৃতি ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন মরিয়ম বেগম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের পর ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভূতবাড়ী গ্রামের আকুল রাজের সঙ্গে রাজবাড়ীর কালুখালীর আব্দুল ওহাবের মেয়ে মরিয়মের বিয়ে হয়। সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে বিয়ের দুই বছর পর পরিবারের সম্মতিতে মরিয়মকে সৌদি আরবে পাঠানো হয়।
বিদেশে যাওয়ার আগে স্বামীর ব্যবসার জন্য মরিয়ম ৩ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তী দেড় বছরে সৌদি আরব থেকে নিজের উপার্জনের আরও ৮ লাখ টাকা স্বামীর ব্যাংক হিসাবে পাঠান বলেও দাবি করেন তিনি।
মরিয়মের অভিযোগ, গত তিন মাস ধরে আকুল তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। পরে তিনি জানতে পারেন, তার অনুপস্থিতির সুযোগে স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে কথা বলতে গত ২০ সেপ্টেম্বর দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় আকুল রাজ ও তার পরিবারের সদস্যরা তাকে গালাগাল, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ মরিয়মের। পরে সোমবার স্বামীসহ পরিবারের সাতজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।










