জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ সাত মাসে ১৫ কেজি ওজন কমিয়ে বর্তমানে ৫৫ কেজিতে রয়েছেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে নতুন লুকে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।
জানা গেছে, প্রায় আট মাস আগে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারে নিয়ন্ত্রণ আনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা শুরু করেন। ধীরে ধীরে কমতে থাকে তার ওজন।
মা হওয়ার পর শখের ওজন প্রায় ৮০ কেজিতে পৌঁছেছিল। সন্তান জন্মের পর তা ৭০ কেজিতে নামলেও এরপর ওজন কমছিল না। এর আগে কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও ব্যায়াম শুরু করেও নিয়ম ধরে রাখতে পারেননি তিনি।
এবার স্বাস্থ্যগত কারণেই জীবনযাপনে পরিবর্তন এনেছেন শখ। প্রিয় খাবার গরুর মাংস কমানোর পাশাপাশি তার খাবারের তালিকায় এখন বেশি থাকছে সবজি, মুরগি ও ডিম। আলু বাদ দিয়েছেন এবং বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিয়মিত শরীরচর্চা।
এদিকে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন শখ। বিয়ে, সংসার ও সন্তানের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এরই মধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। ভালো গল্প ও চরিত্র পেলে আবার সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।










