ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় অভিনেতাকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে পাভেলের কথোপকথনের পাশাপাশি কিছু আপত্তিকর অঙ্গভঙ্গি দেখা যায় বলে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা বা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সামাজিক মাধ্যমে কেউ ভিডিওটিকে সত্য বলে মন্তব্য করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না। একই সঙ্গে ভিডিও কলে থাকা নারী কে, সেটি নিয়েও নানা আলোচনা চলছে। তবে ওই নারীর পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সাইদুর রহমান পাভেল ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ হন। এরপর দেশে ফিরে স্টেজ শো ও বিভিন্ন নাটকে অভিনয় শুরু করেন। তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা করেন তিনি।
তবে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান পাভেল। পরে ‘ফিমেল’ ১ ও ২, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি।









