বাংলাদেশে চলাফেরার সময় নিজেকে নিরাপদ মনে করেন না বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিশেষ করে সোনার গহনা পরে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিশা বলেন, “সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে।”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না।” অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয় এবং ন্যায়বিচার পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
নারীদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিশা বলেন, “আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।”
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তানজিন তিশা এখন চলচ্চিত্রেও নিয়মিত হচ্ছেন। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় জুটি বেঁধেছেন তিনি।










