নোয়াখালীর সুবর্ণচরে রাতে নানার বাড়িতে ঘুমিয়ে থাকা ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. নাঈমের মরদেহ সকালে ধানক্ষেতসংলগ্ন সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানার বাড়ির কাছের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে এবং চরজব্বার ইউনিয়নের দারুল উলুম মাদানীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে নাঈম নানার ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে ফজরের নামাজের জন্য নাঈমের নানী ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং নাঈম সেখানে নেই। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতসংলগ্ন সড়কের পাশে নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চরজব্বার থানার এসআই মো. শরীফুল ইসলাম জানান, নাঈমের গলা ও মুখে দাগ রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










