নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. জাকির হোসেন মৃদুল (২১)। তিনি কলমাকান্দা উপজেলার বামনগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ঢাকা মেট্রো-ব-১২-০৪৮২ নম্বরের ‘ক্রাউন ডিলাক্স’ বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী জাকির হোসেন মৃদুলের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি যাত্রীবাহী বাস থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।










