সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। এরপর সংশ্লিষ্ট পরিবহনকে আর কোনো রুট পারমিট দেওয়া হবে না।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া সমন্বয়ের ব্যাখ্যায় মন্ত্রী বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা অনুযায়ী, প্রতি লিটার জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানোর হিসাব রয়েছে। সে হিসাবে জ্বালানির দাম ২০ টাকা বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুযোগ থাকলেও আলোচনার মাধ্যমে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এই ১৭ পয়সার বেশি কোনোভাবেই ভাড়া নেওয়া যাবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।
রেল ও নৌপথের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে বৃহস্পতিবার বৈঠক হবে। সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ট্রেনের ভাড়া না বাড়ানোর জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রণালয়ের বৈঠক শেষে নতুন বাসভাড়ার তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। নতুন হারে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।










