নির্মাণকাজের সময় ভুল করে ফাইবার অপটিকের গুরুত্বপূর্ণ লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট, পাশাপাশি ব্যাপকসংখ্যক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত নিউইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল ও ৯৭টি বিলম্বিত হয়। ফিলাডেলফিয়া বিমানবন্দরে বাতিল হয় ৬৩টি এবং বিলম্বিত হয় ১৮৯টি ফ্লাইট।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, সন্ধ্যা ৭টার মধ্যে লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হলেও নেওয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে সাময়িকভাবে ওঠানামা বন্ধ রাখা হয়।

citytouch 728-X-90

ডাফি বলেন, নিউ জার্সিতে অ্যামট্র্যাকের একটি নির্মাণ দল ভুলবশত ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়। এর প্রভাবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচল স্থগিত করতে বাধ্য হয়।

এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, বিপর্যয়ের পেছনে দুটি যোগাযোগ সমস্যা ছিল। প্রথমে মূল টেলিকম লাইনে ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায়, ব্যাকআপ ফাইবার লাইনটিও নির্মাণকাজের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করার আশা করা হলেও ব্যাকআপ লাইন পুরোপুরি মেরামতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।