অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে ৩৭ লাখের বেশি ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পেজ ও অন্যান্য কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেটা জানিয়েছে, গত দুই বছর ধরে সিঙ্গাপুর পুলিশ ফোর্সের (SPF) সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতারক চক্র শনাক্ত ও তাদের কার্যক্রম বন্ধে কাজ করছে প্রতিষ্ঠানটি।

citytouch 728-X-90

মেটার কর্মকর্তারা জানান, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রতারণা ও জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে জুনে ভ্রমণ-সংক্রান্ত প্রতারণার অভিযোগে ৩৩ হাজার ৬০০টির বেশি অ্যাকাউন্ট ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জুলাইয়ে মেটা ৩৬ লাখের বেশি অ্যাকাউন্ট ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর বড় একটি অংশ ছিল ‘শেল পেজ’—যেগুলোতে সক্রিয় কনটেন্ট না থাকলেও ভবিষ্যতে প্রতারণামূলক কাজে ব্যবহারের আশঙ্কা ছিল।

মেটার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যারিল পুন বলেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে প্রতারণা চক্রের পুরো চিত্র দেখা সম্ভব নয়। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য এমন হুমকি শনাক্ত করতে সহায়তা করছে, যা মেটা একা হয়তো শনাক্ত করতে পারত না।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার পাবলিক পলিসি বিভাগের পরিচালক ক্লারা কোহ বলেন, প্রতারকেরা এখন এআই ব্যবহার করে বিপুলসংখ্যক ভুয়া প্রোফাইল তৈরি করছে। পাশাপাশি ভুয়া ছবি ও ক্ষতিকর কোড তৈরির মতো কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে তারা।