নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গেলে তাকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যার ‘মূল কারিগর’ বলে অভিহিত করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রেসি ম্যানশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি এসব কথা বলেন। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকেও নেতানিয়াহুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
মামদানি বলেন, নেতানিয়াহুকে তিনি যেভাবে দেখেন, সেভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সময় তাকে গ্রেপ্তারের আহ্বান মামদানি কয়েক মাস ধরেই জানিয়ে আসছেন। তবে মেয়র হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার বা তার সফর ঠেকানোর কোনো আইনি ক্ষমতা নেই বলে স্বীকার করেছেন তিনি। এ কারণে সফরবিরোধী বিক্ষোভেও অংশ না নেওয়ার কথা জানিয়েছেন মামদানি।
গাজায় গণহত্যার অভিযোগ অবশ্য ইসরাইল প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, বেসামরিক হতাহত কমাতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং হামাস বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল—দুই দেশই আইসিসির সদস্য নয় এবং ইসরাইল আদালতের এখতিয়ারও স্বীকার করে না।
নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। বুধবার নিউইয়র্কে পৌঁছে শুক্রবার তার ফিরে যাওয়ার কথা।
এদিকে ট্রাম্প-মামদানি বৈঠকে অভিবাসন নিয়ন্ত্রণ ও কর্মজীবী মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিয়েও আলোচনা হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নিউইয়র্কবাসীর স্বার্থে ট্রাম্পসহ সবার সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মামদানি।










