মাইনর লিগ ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে দলকে ৯৪ রানের জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আটলান্টা ফায়ার নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক স্টিভেন টেইলর। সাকিব ১৮ বলে করেন ১৮ রান, যার মধ্যে ছিল দুটি চার।
জবাবে শুরু থেকেই চাপে পড়ে লডারহিল লায়ন্স। বাঁহাতি স্পিনে মাত্র ৩ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। এর মধ্যে দুটি ওভারই ছিল মেডেন। তার সঙ্গে সানি প্যাটেলও নেন ৩ উইকেট।
সাকিবের ঘূর্ণি ও সানির পেসের সামনে লডারহিলের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক রওনক শর্মা। শেষ পর্যন্ত ৯৪ রানের বড় জয় পায় আটলান্টা ফায়ার।










