বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এবার দিতে চায় আনুষ্ঠানিক ও রাজকীয় বিদায়। ক্যাম্প ন্যুয়ের সংস্কারকাজ পুরোপুরি শেষ হয়ে স্টেডিয়ামটি দর্শকদের জন্য প্রস্তুত হলেই মেসির সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি ঘটে মেসির। ক্লাব ছাড়তে চাননি আর্জেন্টাইন তারকা। এমনকি বিনা পারিশ্রমিকেও থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে লা লিগার আর্থিক নীতিমালার কারণে শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।
এরপর প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দেন মেসি। বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারের পর সমর্থকদের সামনে বড় কোনো বিদায় অনুষ্ঠানও পাননি তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমেই শেষ হয় ক্লাবটির সঙ্গে তাঁর অধ্যায়।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাব সদস্যদের এক বিশেষ সভায় মেসিকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার কথা জানান লাপোর্তা। তিনি বলেন, ক্যাম্প ন্যুর সংস্কারকাজ শেষ হলে এই আয়োজন করা হবে, তবে মেসি নিজে চাইলে তবেই সেটি অনুষ্ঠিত হবে।
লাপোর্তার পরিকল্পনা অনুযায়ী, সংস্কার শেষে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শকের ধারণক্ষমতার ক্যাম্প ন্যুতে হতে পারে মেসির এই বিশেষ সংবর্ধনা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আয়োজনটি ২০২৮ সালে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় মেসির প্রয়াত বাবা জর্জ মেসির প্রতিও শ্রদ্ধা জানান বার্সেলোনা সভাপতি। মেসির ক্যারিয়ার গঠনে তাঁর বাবার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
তবে এখনো সংবর্ধনার নির্দিষ্ট তারিখ বা পূর্ণাঙ্গ আয়োজনের রূপরেখা চূড়ান্ত হয়নি। ক্যাম্প ন্যু প্রস্তুত হওয়ার পর মেসিকে ঘিরে সেই ঐতিহাসিক আয়োজন বাস্তবে রূপ নেয় কি না, সেটিই এখন অপেক্ষার বিষয়।









