বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যখন জনপ্রিয়তার শিখরে, তখন তার মা সুজান টরকোট বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক জীবন। তারকাখ্যাতি ও শহুরে বিলাসিতা থেকে দূরে তামিলনাড়ুর মাদুরাইয়ের প্রত্যন্ত এলাকায় শিশুদের শিক্ষা ও সমাজসেবায় কাজ করছেন তিনি।

সুজান একসময় লন্ডনে থাকতেন। তবে ২০০৮ সালে তামিলনাড়ুতে চলে গিয়ে গ্রামীণ শিশুদের উন্নত ভবিষ্যতের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন। শুরুতে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করত প্রতিষ্ঠানটি।

citytouch 728-X-90

এরপর ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘মাউন্টেন ভিউ স্কুল’। মাত্র ৩০ জনেরও কম শিশুকে নিয়ে যাত্রা শুরু করা স্কুলটিতে এখন ৩০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। মূলত আশপাশের গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুরাই এখানে পড়ার সুযোগ পায়।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, তার মা মাদুরাইয়ে থাকেন এবং নিজেই স্কুলে শিক্ষকতা করেন। তবে প্রত্যন্ত এলাকায় জীবনযাপনে নানা সীমাবদ্ধতাও রয়েছে। ক্যাটরিনার ভাষ্য অনুযায়ী, সেখানে বিদ্যুৎ ও ইন্টারনেটের সমস্যার কারণে অনেক সময় মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলা সম্ভব হয় না।

আট সন্তানকে একাই বড় করেছেন সুজান। ছোটবেলা থেকেই ক্যাটরিনা ও তার ভাইবোনেরা মায়ের সমাজসেবামূলক কাজের সঙ্গে পরিচিত ছিলেন। বিভিন্ন দেশে বসবাসের সময় দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের জীবন কাছ থেকে দেখার অভিজ্ঞতাও তাদের বেড়ে ওঠায় প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

ক্যাটরিনার ঝলমলে তারকাজীবনের বিপরীতে সুজানের এই সাদামাটা জীবন ও শিশুদের জন্য কাজ করে যাওয়ার সিদ্ধান্ত তাই বরাবরই আলাদা করে আলোচনায় আসে।