লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, “রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব।”
স্থানীয় চাকরিপ্রার্থীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, অনেকেই লিখিত পরীক্ষায় পাস করেও ভাইভায় উত্তীর্ণ হতে না পারায় চাকরি পাননি। তাই লিখিত পরীক্ষায় পাস করার পর প্রয়োজনীয় সহযোগিতার জন্য তার সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।
তিনি আরও বলেন, “যখনই রিটেনে পাস করবে, আমি ওই ছেলেটার জন্য যেখানে গেলে চাকরিটা পাবে সেটা বলে দেব।”
এ সময় অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতার কথাও জানান সংসদ সদস্য। তিনি বলেন, অসুস্থ ব্যক্তি বা পরিবারের সদস্যদের বিষয়টি জানালে প্রয়োজনে ঢাকায় নিয়ে কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করবেন। তবে কাউকে টাকা দিয়ে সুপারিশ নিয়ে এলে কাজ করবেন না বলেও জানান তিনি।
জনসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










