‘দু-একটা ককটেল ফুটিয়ে সরকারের কোনো ক্ষতি করা যাবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার রাজধানীতে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ডিজেলে সরকারের বড় অঙ্কের লোকসান হচ্ছিল। তাঁর দাবি, বাজারমূল্যের তুলনায় কম দামে ডিজেল বিক্রির কারণে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। লিটারে ২০ টাকা দাম বাড়ানোর ফলে এ লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে বলেও জানান তিনি।
বিশ্ববাজারে তেলের দাম কমার পরও দেশে কেন দাম বাড়ানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজার অত্যন্ত অস্থিতিশীল এবং সামনে দাম আরও বাড়তে পারে। সরকারের পক্ষে কতটা ভর্তুকি দেওয়া সম্ভব, সেটিও বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত। জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের কষ্ট হবে স্বীকার করে তিনি বলেন, সরকার পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের পাশে থাকার কথা বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সফর সংক্ষিপ্ত করার বিষয়ে তিনি বলেন, সানফ্রান্সিসকোতে দলীয় একটি অনুষ্ঠান হতে পারত। তবে দেশের বর্তমান সংকট ও ব্যয় সাশ্রয়ের বিষয় বিবেচনায় প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করছেন। তাঁর ভাষায়, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দেশে থাকাই বেশি অগ্রাধিকার।
বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রকাশিত তথ্য রয়েছে এবং এ সংক্রান্ত চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যতটুকু নিশ্চিতভাবে জানা গেছে, তথ্য ততটুকুই বলে জানান তিনি।










