নেত্রকোনার এন আকন্দ কামিল মাদরাসায় এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে মো. এহসানুল হক নামে এক শিক্ষককে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেনের দাবি, গত ২০ আগস্ট শিক্ষকদের সভা চলাকালে সিসিটিভি মনিটরে একটি কক্ষে ওই শিক্ষক ও বোরকা পরা এক নারীকে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন শিক্ষক ফুটেজ পর্যবেক্ষণ করেন এবং পরে এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করেন। অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, ফুটেজ দেখানোর পর শিক্ষকটি ঘটনাটি স্বীকার করে সহকর্মীদের কাছে ক্ষমা চান।

অধ্যক্ষ জানান, ২৬ আগস্ট তিনি ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় অবাঞ্ছিত ঘোষণা করেন। তার ব্যবহৃত কক্ষের তালা পরিবর্তন করা হয় এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ১ সেপ্টেম্বর শিক্ষক পদত্যাগপত্র জমা দেন। জরুরি সভায় তা গ্রহণ করে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

citytouch 728-X-90

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গভর্নিং বডি এবং জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা বলেন, অভিযুক্ত শিক্ষককে শুধু চাকরি থেকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। তিনি তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িত শিক্ষককে আইনের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।