বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ দিচ্ছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (YES) প্রোগ্রাম। স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য প্রাথমিক আবেদন চলছে। আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে একটি আমেরিকান পরিবারের সঙ্গে বসবাসের পাশাপাশি স্থানীয় একটি হাইস্কুলে পড়াশোনা করবেন। কর্মসূচির আওতায় যাতায়াত, হোস্ট ফ্যামিলিতে থাকা, স্বাস্থ্যবীমা ও নির্দিষ্ট কার্যক্রমের খরচসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।
এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নেতৃত্বের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
আবেদনকারীদের বাংলাদেশি নাগরিক ও সংশ্লিষ্ট সময়ের মধ্যে ১৫–১৭ বছর বয়সী হতে হবে। বর্তমানে অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে পড়াশোনা করতে হবে এবং নির্দিষ্ট শিক্ষাগত ও ইংরেজি ভাষাগত যোগ্যতা থাকতে হবে। বাছাই হবে একাধিক ধাপের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায়।
২০০৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী YES প্রোগ্রামে অংশ নিয়েছেন। আগ্রহীরা iEARN-Bangladesh-এর ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে পারবেন।










