নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের জন্য চালু করা বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘গোলাপি বাস’ পরিচালনায় প্রতিদিন অন্তত ৫০ হাজার টাকা লোকসান হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় এই ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিআরটিসির তথ্য অনুযায়ী, ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১২ কার্যদিবসে ১৫৮টি ট্রিপে ১৪ হাজার ১১৬টি টিকিট বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ২ লাখ ২ হাজার ৮ টাকা। এর আগে ১৯ থেকে ৩১ আগস্ট ৮ কার্যদিবসে ১১৪টি ট্রিপে ৬ হাজার ৬৮৯টি টিকিট বিক্রি করে আয় হয় ৯৮ হাজার ৬৪৬ টাকা।

citytouch 728-X-90

মিরপুর-১০ থেকে মতিঝিল রুটের হিসাব ধরলে এক ট্রিপে বাসের যাওয়া-আসায় ৪২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এতে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ এক ট্রিপে প্রায় ২ হাজার ২২৬ থেকে ২ হাজার ৭০৯ টাকা খরচ হয়। সেপ্টেম্বরে ১৫৮টি ট্রিপে শুধু এই দুই খাতেই খরচ হয়েছে আনুমানিক ৩ লাখ ৫২ হাজার থেকে ৪ লাখ ২৮ হাজার টাকা। অথচ আয় হয়েছে ২ লাখ ২ হাজার টাকা। এর বাইরে চালক-সহকারীসহ কর্মীদের বেতন, টায়ার, লুব্রিকেন্ট, কর ও প্রশাসনিক ব্যয় রয়েছে।

নারী বাসসেবায় ৬০ আসনের বাসে প্রতিটি ট্রিপে গড়ে প্রায় ২০টি আসন খালি থাকছে। বিআরটিসির ব্যবস্থাপক মো. নূর-ই-আলমের দাবি, এক ট্রিপে অন্তত ১২০ জন যাত্রী পাওয়া গেলে আয়-ব্যয় সমান পর্যায়ে আসবে। যাত্রী বাড়লে ভর্তুকিও কমে আসবে।

তবে শুক্রবার ও শনিবার নারী বাসসেবা বন্ধ থাকায় সেবার পরিধি নিয়েও প্রশ্ন উঠেছে। বিআরটিসির কর্মকর্তার ভাষ্য, ওই দুই দিনে কর্মজীবী নারী যাত্রী কম থাকায় বাস বন্ধ রাখা হয়। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে এই বিশেষ সেবা চালু করা হয়।