জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই পদে দেখানো হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি ছয়জন। জাইমা রহমান ছাড়াও আব্দুল আলিম ডেপুটি শেফ দ্য ক্যাবিনেট, মোয়াজ্জেম হোসেন অ্যাডভাইজার ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মাফিজুল ইসলাম ডেটা, এআই ও স্ট্র্যাটেজিক ফোরসাইটবিষয়ক সিনিয়র অ্যাডভাইজার, জাকির আহমেদ সিনিয়র অ্যাডভাইজার এবং মো. রফিকুল আলম মোল্লা সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের প্রোফাইল অনুযায়ী, জাইমা রহমান কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি করেছেন। তিনি ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন এবং বাংলাদেশে আইন পেশায় প্রবেশের যোগ্যতা সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে যুক্তরাজ্যে আইন ও নীতিসংক্রান্ত কাজ এবং বাংলাদেশে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইনসংক্রান্ত কাজ রয়েছে।
৮ সেপ্টেম্বর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের প্রধান দায়িত্ব আইনসংক্রান্ত বিষয়ে কাজ করা। তাঁর প্রোফাইলে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন আইন ও নীতিগত বিষয়ে কাজের অভিজ্ঞতার কথাও উল্লেখ রয়েছে।










