রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম (২৪) গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় আসামিপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে। মামলার আসামি হিসেবে ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সঙ্গে এ আপস হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হয়। এ সময় আসামি আজান আলী শরীফ ও তার আইনজীবী আলমগীর হোসেন আপসের বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী জানান, দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে এবং ইতোমধ্যে টাকা পরিশোধ করা হয়েছে। বাদীপক্ষ আসামিদের জামিন বা খালাস পেলে আপত্তি করবে না বলেও জানান তিনি।
একটি জীবনের মূল্য ৯ লাখ টাকা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, নিহত মেহেদী বাকপ্রতিবন্ধী ছিলেন এবং বাদীপক্ষ আপসের সিদ্ধান্তে সন্তুষ্ট। তবে আপসের আইনগত প্রভাব ও মামলার পরবর্তী সিদ্ধান্ত আদালতের প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
আইনজীবী আরও জানান, মামলাটির পরবর্তী শুনানি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ অনুষ্ঠিত হবে।










