রাজধানীর বারিধারার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় চালকের আসনে থাকা কিশোরকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কিশোরের নাম আজান আলী শরীফ (১৭)। সে দুর্ঘটনায় ব্যবহৃত গাড়ির মালিকের ছেলে।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। এতে নির্মাণশ্রমিক মেহেদী হাসান গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মেহেদী হাসান নীলফামারীর ডোমার থানার সোনারায় হাজীপাড়ার বাসিন্দা। তার বাবার নাম এরশাদুল হক।
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির চালকের আসনে ছিল এক কিশোর। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
তবে প্রথমে দায়ের করা মামলায় ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি। মামলায় গাড়ির চালক হিসেবে আকাশ মার্ক (৪৪)-এর নাম উল্লেখ করা হয়।
পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে মামলায় আকাশের নাম উল্লেখ করা হয়েছিল। তবে পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করে কিশোরের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, সাধারণত এ ধরনের ঘটনায় গাড়ির চালককেই অভিযুক্ত করা হয়। চালক ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় প্রাথমিকভাবে তাকে অভিযুক্ত করা হয়েছিল। পরে তদন্তে নতুন তথ্য পাওয়ায় কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে গ্রেপ্তার কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









