কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
ড. নাহিদা বেগম বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছেলেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সহায়তা করেছিলেন।
তিনি বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে?” একই সঙ্গে ছেলেকে কেন হত্যা করা হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।
অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি করে নাহিদা বেগম বলেন, তার ছেলে এসবের সঙ্গে জড়িত নয়। “আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না,” বলেন তিনি।
ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, তিনি শুধু নিজের ছেলের জন্য নয়, ভবিষ্যতে অন্য শিশুদের নিরাপত্তার জন্যও বিচার চান। তার অভিযোগ, হত্যার সঙ্গে জড়িতরা বাইরে বের হলে আরও অনেক শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে।










