মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সংশোধনের পথও বেছে নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়েছেন তিনি।
কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হওয়ার পরও জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল। এ অবস্থায় তাদের শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে না রেখে নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে পরিবর্তনের উদ্যোগ নেন ওসি।
ওসির উদ্যোগে তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা জানান, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন এবং মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত থাকবেন।
ওসি আজিজুল ইসলাম আকাশ বলেন, “শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে।” তিনি দুজনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকবিরোধী আইনি ব্যবস্থার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ করে দেওয়ার উদ্যোগও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।









