দেশের সুবিধাবঞ্চিত চা বাগানকেন্দ্রিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সুবিধা উন্নয়নে অংশীদারিত্ব করেছে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এই উদ্যোগে জলবায়ু সহনশীল সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চা বাগান সম্প্রদায়ের নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করাকে উদ্যোগটির অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার বিদ্যমান সংকট মোকাবিলার পাশাপাশি স্থানীয়ভাবে টেকসই সমাধান গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআইও কাজী আজিজুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শাহরিয়ার জামিল খান উপস্থিত ছিলেন। অক্সফামের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা, হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স হালিমা আখতার মিতুসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশন স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনের মৌলিক উপাদান। নারী ও পরিবেশ—ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) দুটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারকে এই অংশীদারিত্বের মাধ্যমে একত্র করা হয়েছে বলেও জানান তিনি।
অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, বাংলাদেশের চা শিল্পে নারী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অনেক চা বাগান সম্প্রদায় এখনো নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার ঘাটতিতে রয়েছে। এর সঙ্গে বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি। এ উদ্যোগ অবকাঠামো তৈরির পাশাপাশি মানুষের মর্যাদা, অধিকার ও দীর্ঘমেয়াদি সহনশীলতা বাড়াতে কাজ করবে বলে জানান তিনি।









