দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সংকটের মূল কারণ চিহ্নিত করে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। একই সঙ্গে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে বাস্তুচ্যুতির অবসানের দিকে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
১. নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি
রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন তিনি।
২. সহিংসতা বন্ধ ও অধিকার নিশ্চিত করা
রোহিঙ্গাসহ সব বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ এবং তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
৩. মানবিক সহায়তা অব্যাহত রাখা
রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের জন্য পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
৪. বিচার ও জবাবদিহি জোরদার করা
রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতার ঘটনায় বিচার ও জবাবদিহি ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রস্তাব দেন।
৫. আন্তসীমান্ত অপরাধ মোকাবিলা
মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্রসহ অন্যান্য আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।









