জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোলও যুক্ত করা হয়েছে।
নতুন নির্ধারণ অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
নতুন তালিকায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য আলাদা হিসাব রাখা হয়েছে। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে প্রযোজ্য টোল মূল ভাড়ার সঙ্গে যোগ হবে। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের ক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯ টাকা টোল যুক্ত হয়েছে।
সায়েদাবাদ থেকে নতুন ভাড়া
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের নতুন ভাড়া হলো—
বরিশাল: ১৭১ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৪৯৩ টাকা, ৪০ আসনের বাসে ৬২৯ টাকা।
পটুয়াখালী: ২১০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬০৫ টাকা, ৪০ আসনের বাসে ৭৭২ টাকা।
বরগুনা: ২৫৩ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭১৭ টাকা, ৪০ আসনের বাসে ৯১৪ টাকা।
সিলেট: ২৫৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬২৪ টাকা, ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা।
কুয়াকাটা: ২৮০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭৮১ টাকা, ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা।
জকিগঞ্জ: ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা, ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা।
মহাখালী থেকে নতুন ভাড়া
সিলেট: ২৪৫ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৫৯৯ টাকা, ৪০ আসনের বাসে ৭৬৩ টাকা।
রংপুর: ২৯৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭৪১ টাকা, ৪০ আসনের বাসে ৯৪৫ টাকা।
নীলফামারী: ৩৫৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৮৮৫ টাকা, ৪০ আসনের বাসে ১ হাজার ১২৮ টাকা।
কক্সবাজার: ৩৯৬ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৯৬৭ টাকা, ৪০ আসনের বাসে ১ হাজার ২৩৩ টাকা।
পঞ্চগড়: ৪৩৮ কিলোমিটারে ৫১ আসনের বাসে ১ হাজার ৭৯ টাকা, ৪০ আসনের বাসে ১ হাজার ৩৭৬ টাকা।
গাবতলী থেকে বিভিন্ন রুট
গাবতলী বাস টার্মিনাল থেকে যশোর, খুলনা, বেনাপোল, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন রুটে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এসব রুটে প্রযোজ্য টোল ভাড়ার সঙ্গে আলাদাভাবে যুক্ত হবে।
দূরত্ব বা ভাড়ায় ভুল থাকলে সংশোধন
বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা তৈরিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের দেওয়া দূরত্ব বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের অনুমোদিত টোল যুক্ত করা হয়েছে।
কোনো রুটের দূরত্ব বা ভাড়ার হিসাবে অসঙ্গতি পাওয়া গেলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তা যাচাই করে সংশোধন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।
নতুন তালিকায় ঢাকা থেকে মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল হয়ে দেশের বিভিন্ন গন্তব্যের ভাড়া দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও বিভাগভিত্তিক বিভিন্ন রুটের হালনাগাদ ভাড়াও প্রকাশ করা হয়েছে।










