নেত্রকোনার মোহনগঞ্জে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাই আবু হানিফ (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আবু হানিফ ওই তরুণীর চাচাতো বোনের স্বামী। পরিচয়ের সূত্রে তরুণীর বাড়িতে যাতায়াতের একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রায় নয় মাস আগে সিলেটে বেড়াতে নিয়ে গিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীর।
এজাহারে তরুণী আরও অভিযোগ করেন, পরে বিয়ের জন্য চাপ দিলে হানিফ সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
গত ১৩ সেপ্টেম্বর হানিফের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দিলে তিনি বাঁশের লাঠি দিয়ে মারধর করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মোহনগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তরুণী। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, মামলায় আবু হানিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানোসহ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।










