রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের পর ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব যোগাযোগে ভারতীয় নম্বর ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অর্থের বিনিময়ে নাশকতায় অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, মাঠপর্যায়ে মাদকাসক্ত ও ভাসমান ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন প্রলোভনে তরুণদেরও যুক্ত করা হচ্ছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল তৈরির কথিত গোপন কারখানার সন্ধান পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
ডিবির তথ্যমতে, গত ১৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন দক্ষিণ দুনিয়া কাঁচাবাজার এলাকা থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। পরদিন কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বোমাবাজির ঘটনায়ও একজনকে ককটেলসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিবি।
ডিবির জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রায়হান উদ্দিনের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্দেশনা অনুযায়ী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠানোর পর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা দেওয়া হতো। তবে এসব বক্তব্য তদন্তে পাওয়া তথ্য ও আসামির জিজ্ঞাসাবাদভিত্তিক দাবি এর সত্যতা আদালতের বিচারপ্রক্রিয়ায় নির্ধারিত হবে।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির সতর্ক করে বলেছেন, কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতীয় নম্বর দিয়ে খোলা হলেই ব্যবহারকারী ভারতে অবস্থান করছেন এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। রোমিং বা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অন্য যেকোনো স্থান থেকেও অ্যাকাউন্ট পরিচালনা করা সম্ভব।
এদিকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে উত্তরা থেকে রবিউল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেওয়ার কথা জানিয়েছে ডিবি। এছাড়া কক্সবাজার থেকে বাস পোড়ানো ও বোমাবাজির সমন্বয়ের অভিযোগে ডেমরা থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. সবুজকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছে পুলিশ।










