ভিক্ষুকের ছদ্মবেশে একটি ফ্ল্যাটে ঢুকে ৭০ বছর বয়সী এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনে এ ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগম বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, বোরকা পরা এক ব্যক্তি বাসার দরজায় কড়া নাড়েন। হাজেরা বেগম দরজা খুললে ওই ব্যক্তি তার মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে ওই ব্যক্তি হাজেরা বেগমের গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের সোনার চেইন নিয়ে পালিয়ে যান বলে জানান তার মেয়ে আলেয়া বেগম। তার দাবি, ওই ব্যক্তির হাতে একটি চালের ব্যাগও ছিল।
আলেয়া বেগম জানান, মায়ের চিৎকার শুনে পাশের বাসার লোকজন এগিয়ে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি বাসায় এসে মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন দুরবীন নিউজ কে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










