মাগুরার সদর উপজেলার এক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে এমন অস্বাভাবিক অঙ্ক দেখা গেছে, যা দেখে হতবাক হয়েছেন সংশ্লিষ্টরা। মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের ওই গ্রাহকের বিলে মূল বিদ্যুৎ ব্যবহারের হিসাবের চেয়ে কয়েক কোটি গুণ বেশি টাকা যোগ হয়েছে।

বিলের তথ্য অনুযায়ী, এতে ডিমান্ড চার্জ হিসেবে ৪৮২ কোটি ৬৯ লাখ টাকা এবং এর ওপর ভ্যাট বাবদ ২৪ কোটি ১৩ লাখ টাকা যোগ করা হয়। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।

citytouch 728-X-90

বিষয়টি জানাজানি হলে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি বিষয়টি তদন্ত করে ভুলের কারণ খুঁজে বের করে।

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিট ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যায়। এ কারণেই অস্বাভাবিক এই বিল তৈরি হয়েছে।

পরে বিলটি সংশোধন করে গ্রাহককে নতুন বিল দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।