দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এ দেওয়া ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে 'মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)' অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়। সভাপতি মনোনয়নের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের একটি তালিকা প্রস্তুত করবেন। তবে সিটি করপোরেশন এলাকার অধীনস্থ মাদ্রাসার ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠাতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় গত ২ আগস্ট ২০২৬ তারিখের নির্দেশনা অপরিবর্তিত থাকবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনাটি দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।
সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
দ্রুততম সময়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য বলল মাদ্রাসা শিক্ষা বোর্ড
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








