দুর্গাপূজায় এবার একদিন বাড়ল সরকারি ছুটি। মহানবমী ও বিজয়া দশমীর ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে নির্বাহী আদেশে ছুটি যোগ হয়েছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি। ফলে মহানবমী থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এতে দুর্গাপূজাকে কেন্দ্র করে আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। ২০ অক্টোবর মঙ্গলবার শুরু হয়ে ছুটি শেষ হবে ২৪ অক্টোবর শনিবার।
চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।










