মেয়েদের বিয়ের বয়স ১৬ এবং ছেলেদের ১৮ বছর করার দাবিসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজী রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা মানববন্ধনে অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। এতে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা, ফি কাঠামো ও বিবাহ নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নসহ মোট আটটি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো বিবাহযোগ্য বয়স পুনর্নির্ধারণ। বর্তমানে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বিবাহের ক্ষেত্রে পুরুষের বয়স ২১ বছর এবং নারীর বয়স ১৮ বছর পূর্ণ না হলে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়।

citytouch 728-X-90

নিকাহ রেজিস্ট্রারদের দাবি, মেয়েদের ক্ষেত্রে ১৮ বছরের পরিবর্তে ১৬ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের পরিবর্তে ১৮ বছর করা হোক। তাদের যুক্তি, ১৮ বছর বয়সে একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি পেলেও বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে পুরুষের বয়স ২১ বছর নির্ধারিত থাকায় নানা জটিলতা তৈরি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা জালিয়াতি ও বাল্যবিবাহ রোধে বর-কনের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ঠিকানার আওতাধীন নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করার দাবিও জানান। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত সংস্কারের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, বর্তমান আইনে বাল্যবিবাহ নিবন্ধন করলে সংশ্লিষ্ট বিবাহ নিবন্ধকের শাস্তি এবং লাইসেন্স বা নিয়োগ বাতিলের বিধান রয়েছে।