হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের লাগেজ সরবরাহে সর্বোচ্চ ৪০ মিনিট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ অবতরণের পর প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে যাত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, তৃতীয় টার্মিনালের যাত্রীসেবা নিশ্চিত করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে করা চুক্তিতে লাগেজ সরবরাহসহ বিভিন্ন সেবার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ ২৫ মিনিটের মধ্যে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে গ্রেস পিরিয়ড হিসেবে সর্বোচ্চ ৪০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা দিতে হবে।
মন্ত্রী বলেন, “ফার্স্ট লাগেজ ১২ মিনিটে আসতে হবে এবং লাস্ট লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে পেতে হবে। তা যদি না করতে পারে, তাদের ফাইন করা হবে।”
তৃতীয় টার্মিনালে উড়োজাহাজ থেকে যাত্রী নামানো ও ওঠানোর সময়ও চুক্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার ব্যবস্থাও রাখা হয়েছে।
তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন আগামী ১৬ ডিসেম্বর করার আশা প্রকাশ করেছেন মন্ত্রী। তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে এরপর আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। টার্মিনালটি চালু হলে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তিনি।










