কয়েকদিন আগেও যাকে ঘিরে ছিল চুরি ও মাদকাসক্তির অভিযোগ, সেই অনিক সরদারের বাড়িতেই এখন ভিড় করছেন শত শত মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নয় বছর বয়সী মেয়ে তুবার বাবার মুখে খাবার তুলে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পরিবারটির প্রতি সহানুভূতি ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে।
গত ২৬ সেপ্টেম্বর ভোররাতে বামরাইল এলাকায় চুরির চেষ্টার অভিযোগে অনিককে স্থানীয়রা আটক করে মারধর করেন বলে জানা গেছে। পরে হাত-পা বাঁধা অবস্থায় বাবাকে খাবার খাওয়ানোর তুবার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর ২৭ সেপ্টেম্বর বিকেলে অনিকের বাড়িতে যান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। তার উপস্থিতিতে পরিবারটির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
অনিকের স্ত্রী জান্নাতুল ফিরদাউস জানান, তিনি এইচএসসি পাস। দুই সন্তান—তুবা (৯) ও তুরিন ইসলাম তুনা (৩)। সংসারে নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই। সন্তানদের ভবিষ্যৎ গড়তে স্বামীর কর্মসংস্থান অথবা নিজের একটি চাকরি প্রয়োজন বলে জানান তিনি।
অনিক বলেন, “আমি ভালোভাবে জীবনযাপন করতে চাই। কেউ যদি আমাকে আয়-রোজগারের একটি পথ তৈরি করে দেন, আমি নিজেকে বদলে ফেলব।” সন্তানদের ভবিষ্যতের জন্য একটি চাকরির ব্যবস্থা করতে সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, বাবার প্রতি মেয়ের ভালোবাসার দৃশ্যটি সারা বিশ্বের মানুষের নজরে এসেছে। অনিক সত্যিকার অর্থে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকারি উদ্যোগে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।










