বাসে, রাস্তায় কিংবা অফিসের আশপাশে কাগজের ঠোঙা বা পত্রিকার পাতায় খাবার নিয়ে খাওয়ার দৃশ্য খুবই পরিচিত। আমড়া, শসা, পেয়ারা, ঝালমুড়ি, ছোলা, পিঁয়াজু, বেগুনি, ফুচকা, শিঙাড়া, পুরি কিংবা জিলাপি—অনেক খাবারই এখনো সাধারণ কাগজে পরিবেশন করা হয়। কিন্তু কাগজে থাকা কালি ও অপরিচ্ছন্নতার কারণে এসব খাবার স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসান মোস্তফা রাশেদ বলেন, কাগজের ঠোঙা বা পত্রিকার পাতায় খাবার রাখলে কাগজের কালি খাবারের সংস্পর্শে আসতে পারে। বিশেষ করে পানি বা তেলের সংস্পর্শে কাগজ ভিজে গেলে কাগজের কিছু উপাদান খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকে।

তিনি বলেন, রাস্তার খাবার পরিবেশনে ব্যবহৃত কাগজ শুধু কালি নয়, অপরিচ্ছন্নতার কারণেও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পুরোনো বা ব্যবহৃত কাগজে থাকা জীবাণু খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করলে পাকস্থলী ও অন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

citytouch 728-X-90

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, কাগজের কালি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদানের দীর্ঘমেয়াদি সংস্পর্শ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সম্ভাব্য ঝুঁকির মধ্যে হজমের সমস্যা, পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ, কিডনি-লিভারের ওপর ক্ষতিকর প্রভাব এবং অন্যান্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা রয়েছে।

অনেক সময় খাবারের অতিরিক্ত তেল শুষে নেওয়া বা চামচের বিকল্প হিসেবেও কাগজ ব্যবহার করা হয়। এতে খাবারের সঙ্গে কাগজের উপাদান ও জীবাণু শরীরে যাওয়ার সুযোগ আরও বাড়তে পারে।

তাই বিশেষজ্ঞরা খাবার পরিবেশনের জন্য সংবাদপত্র, বইয়ের পাতা বা ছাপার কালি থাকা কাগজ ব্যবহার না করার পরামর্শ দেন। খাবারের জন্য নিরাপদ ও খাদ্যোপযোগী প্যাকেট, কাগজ বা পাত্র ব্যবহার করাই তুলনামূলক নিরাপদ।