বাংলাদেশে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে নারীদের মধ্যে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায়। এ কারণে অনেকেই রক্ত বাড়াতে বেদানা বা ডালিম খাওয়ার পরামর্শ দেন। কিন্তু প্রশ্ন হলো, বেদানা খেলেই কি শরীরে রক্ত বাড়ে?
দিনাজপুর রাইয়ান হেলথ কেয়ার সেন্টারের পুষ্টিবিদ লিনা আক্তার বলেন, বেদানা সরাসরি রক্ত তৈরি করে না। তবে এতে থাকা কিছু পুষ্টি উপাদান রক্ত তৈরির প্রক্রিয়া ও আয়রন শোষণে সহায়ক হতে পারে।
বেদানায় কী আছে?
বেদানায় রয়েছে আয়রন, ভিটামিন সি, ফোলেট ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। প্রতি ১০০ গ্রাম বেদানায় প্রায় ০.৩ মিলিগ্রাম আয়রন ও ১২.৬ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
আয়রন হিমোগ্লোবিন তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তবে বেদানায় আয়রনের পরিমাণ খুব বেশি নয়। তাই রক্তস্বল্পতার চিকিৎসায় শুধু বেদানার ওপর নির্ভর করা ঠিক নয়।
ভিটামিন সি কেন গুরুত্বপূর্ণ?
বেদানায় থাকা ভিটামিন সি উদ্ভিজ্জ খাবারে থাকা নন-হিম আয়রন শরীরে শোষণে সহায়তা করতে পারে। তাই ডাল, শাকসবজি বা অন্যান্য আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খাওয়া উপকারী হতে পারে।
বেদানায় থাকা ফোলেটও নতুন রক্তকণিকা তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে। পাশাপাশি এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
তাহলে বেদানা কি ‘রক্ত বাড়ায়’?
বেদানা সরাসরি রক্ত বাড়ানোর কোনো জাদুকরী খাবার নয়। বেদানায় আয়রন থাকলেও এর পরিমাণ তুলনামূলকভাবে কম। তাই শুধু নিয়মিত বেদানা খেলেই হিমোগ্লোবিন স্বাভাবিক হয়ে যাবে এমন ধারণা ঠিক নয়।
রক্তস্বল্পতার কারণও গুরুত্বপূর্ণ। কারও আয়রনের ঘাটতি, আবার কারও ভিটামিন বি১২ বা ফোলেটের ঘাটতি, দীর্ঘদিনের রক্তক্ষরণ কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে অ্যানিমিয়া হতে পারে। তাই কারণ অনুযায়ী খাদ্যাভ্যাস ও চিকিৎসা প্রয়োজন।
শুধু ফলের রং লাল বলে সেটি রক্ত বাড়াবে এমন ধারণাও ভুল। রক্তস্বল্পতায় প্রয়োজন অনুযায়ী আয়রন, বি১২, ফোলেট ও অন্যান্য পুষ্টির উৎস খাদ্যতালিকায় রাখা গুরুত্বপূর্ণ।










